মিজানুর রহমান সিনহার জানাজা রবিবার জাতীয় সংসদে
মিজানুর রহমান সিনহার জানাজা রবিবার সংসদে

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা আগামীকাল রবিবার (১৭ মে) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জানাজার সময়সূচি

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুম মিজানুর রহমান সিনহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজনৈতিক জীবন

মিজানুর রহমান সিনহা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন (টঙ্গিবাড়ী-লৌহজং) থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদত্যাগ ও পরবর্তী ভূমিকা

তিনি ২০২০ সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে তিনি বিএনপির মনোনয়নও পান। তবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ