নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোটভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই। শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ও অভিযুক্ত পরিচয়
নিহত মো. মোহন (৩২) একই এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড়ভাই উজ্জ্বল (৩৪) মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ পরিবারটিতে গত কয়েকদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই ছোটভাইকে ধারালো বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা বটি উদ্ধার করেছে, তবে অভিযুক্ত বড়ভাই পালিয়ে গেছেন বলেও জানান পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।



