শ্রীপুরে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার, ছুরি ও ওড়না মিলেছে
শ্রীপুরে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মরদেহের পাশেই পড়েছিল হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি। তাছাড়া ঘটনাস্থল থেকে মেয়েদের একটি ওড়না এবং মাথার ক্লিপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিচয় ও পটভূমি

নিহত আসিফ বরগুনা জেলার পাথরঘাটা থানার হুমায়ুন আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামে নানা মৃত নুরুল ইসলামের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতো। পেশায় সে একজন অটোরিকশা চালক। নিহতের মামা সাব্বির জানান, আসিফের বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা আসমা আক্তার তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করে। জীবিকার তাগিদে তিনি ও আসিফ দু'জনেই অটোরিকশা চালাতেন।

ঘটনার বিবরণ

বুধবার সন্ধ্যায় তারা একসঙ্গে স্থানীয় রাজাবাড়ি বাজারে গিয়েছিল। পরে তিনি বাড়ি ফিরে এলেও আসিফ বাজারেই অবস্থান করছিল। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, আসিফ একটি রিজার্ভ ভাড়ায় কোথাও গিয়েছেন। তিনি আরও বলেন, রাত বাড়লেও আসিফ বাড়িতে না ফেরায় আমরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গজারি বনের পাশে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসফাক উজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।