মাদকবিরোধী অভিযানে হামলা, লালমনিরহাটে আহত ২ এএসআই
মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ২ এএসআই

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই এএসআই (সহকারী উপপুলিশ পরিদর্শক)। মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গ্রেফতার হওয়া এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্যসিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- হাতীবান্ধা থানার এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযানের বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল মধ্যসিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করে হাতকড়া পরায় পুলিশ। তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে অন্য মাদক কারবারিরা দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে আহত করে এবং গ্রেফতার সহযোগীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আসামি হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ওসি রমজান আলী বলেন, ‘মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এলাকায় অভিযান শুরু হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’ কারা এই হামলার সঙ্গে জড়িত এবং ছিনিয়ে নেওয়া আসামির পরিচয় কী, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে আপাতত হামলাকারীদের নাম জানানো যাচ্ছে না।’

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ