লোহাগাড়ায় জমি বিরোধে মাদ্রাসাশিক্ষক নিহত, চাচাতো ভাইদের অভিযোগ
লোহাগাড়ায় জমি বিরোধে মাদ্রাসাশিক্ষক নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মুহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত মাদ্রাসাশিক্ষকের নাম আবুল কাশেম (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পাঁচ সন্তানের জনক। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের চরম্বা জামিউল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।

ঘটনার বিবরণ

চরম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল কাশেমের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করা নিয়ে আজ সকালে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁর মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহত আবুল কাশেমের ছেলে ফোরকান আহমদ বলেন, আজ সকালে তার বাবা মাদ্রাসায় যান। এ সময় শামসু ও হারুন নামে তার বাবার দুই চাচাতো ভাই এবং তাঁদের কয়েকজন আত্মীয়ের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন শ্রমিক তাদের জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে তার বাবা মাদ্রাসা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় বাবার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাঁরা কাঠ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্তরা পলাতক

অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার পর থেকে পলাতক। তাই তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এজাজুল ইসলাম জানান, দুপুর পৌনে ১২টার দিকে ওই মাদ্রাসাশিক্ষককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে মাথায় ফোলা জখম হয়। তবে রক্তক্ষরণ হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অভিযান

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।