আইফোন-অ্যান্ড্রয়েড বার্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন চালু
আইফোন-অ্যান্ড্রয়েড বার্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন

আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে আদান-প্রদান করা বার্তার নিরাপত্তা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) বার্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন-সুবিধা চালু করেছে অ্যাপল ও গুগল। নতুন এই উদ্যোগের আওতায় ভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের মধ্যে আদান-প্রদান করা বার্তা আগের তুলনায় আরও সুরক্ষিত থাকবে।

কেন এই উদ্যোগ?

এত দিন আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে আদান-প্রদান করা বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশন করা হতো না। ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। তবে নতুন সুবিধার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। বার্তা প্রেরক ও প্রাপক—উভয়ের ফোনের পাশাপাশি মোবাইল অপারেটরকেও এই প্রযুক্তি সমর্থন করতে হবে। অর্থাৎ, কোনো গ্রুপ চ্যাটে এক ব্যক্তির ফোন এই প্রযুক্তি সমর্থন না করলে বার্তাগুলো এনক্রিপটেড হবে না।

কীভাবে কাজ করবে?

অ্যাপল জানিয়েছে, আইওএসের সর্বশেষ সংস্করণ আইওএস ২৬.৫-এ চলা আইফোনে পরীক্ষামূলকভাবে এন্ড টু এন্ড এনক্রিপটেড আরসিএস বার্তা সুবিধা চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে চলা গুগল মেসেজেস অ্যাপেও এই সুবিধা রয়েছে। ফলে সর্বশেষ সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএসে চলা আইফোন ও স্মার্টফোনে এনক্রিপটেড বার্তা আদান-প্রদান করা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন এই নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের জন্য আলাদা করে কোনো সেটিংস চালু করতে হবে না। স্মার্টফোন ও মোবাইল নেটওয়ার্ক সমর্থন করলেই এনক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। অ্যাপল ও গুগলের তথ্যমতে, কোনো বার্তা এনক্রিপটেড করা হলে বার্তার পাশে ছোট তালা চিহ্ন এবং 'এনক্রিপটেড' লেখা দেখা যাবে। এই চিহ্ন না থাকলে বার্তাটি এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এন্ড টু এন্ড এনক্রিপশন কী?

প্রসঙ্গত, এন্ড টু এন্ড এনক্রিপশন এমন একটি প্রযুক্তি, যেখানে প্রেরকের যন্ত্রেই কোডের মাধ্যমে বার্তা এনক্রিপ্ট করা হয়, যা প্রাপকের কাছে পৌঁছানো পর্যন্ত সচল থাকে। এর ফলে মাঝপথে কেউ বার্তা আটকাতে পারলেও সেটি পড়তে পারে না। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় এই প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়।