বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের প্রযুক্তি খাতের অগ্রযাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন। তাঁর মতে, বাংলাদেশে প্রযুক্তির হাত ধরে যে নীরব বিপ্লব ঘটে চলেছে, তার চালিকা শক্তি এ দেশের তরুণ সমাজ। তবে এই রূপান্তরকে টেকসই ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে আসন্ন জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি।
ডিজিটাল বৈষম্য দূরীকরণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য উল্লেখ করে মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বর্তমানে দেশে পারিবারিক পর্যায়ে কম্পিউটারের প্রাপ্যতা ১০ শতাংশেরও কম। অর্থাৎ দেশের ৯০ শতাংশের বেশি পরিবার এখনো নিজ ঘরে কম্পিউটার ব্যবহার থেকে বঞ্চিত। এই বিশাল ডিজিটাল বৈষম্য দূর করতে বাজেটে কম্পিউটারের দাম সাধারণ মানুষের নাগালে আনতে হবে। তিনি বলেন, তরুণদের যদি তথ্যপ্রযুক্তি ব্যবহারের পর্যাপ্ত সুযোগ করে দেওয়া না হয়, তবে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। তাই বাজেটে কম্পিউটারের ওপর শুল্ক ও কর পুনর্বিন্যাস করে ল্যাপটপ ও কম্পিউটারকে আরও সহজলভ্য করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে বিশেষ প্রযুক্তি ঋণ বা ল্যাপটপ কেনার জন্য ঋণের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা
বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স এবং ব্লকচেইনের মতো চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগুলো এখন বৈশ্বিক অর্থনীতির মূল চালিকাশক্তি। এ বাস্তবতায় দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের ওপর জোর দিয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তার মতো অত্যাধুনিক ও যুগোপযোগী বিষয়ে পড়ার সুযোগ ব্যাপকভাবে তৈরি হয়, সেজন্য আসন্ন বাজেটে উচ্চশিক্ষা খাতে বিশেষ গবেষণা ও অবকাঠামোগত বরাদ্দ বাড়াতে হবে।
ডেটা সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা
বর্তমানে বাংলাদেশে ডেটা প্রাইভেসি বা তথ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত দুর্বল। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য বিদেশের বিভিন্ন ক্লাউড সার্ভারে জমা রাখা হচ্ছে। মাঝেমধ্যেই বিভিন্ন সরকারি-বেসরকারি ওয়েবসাইটের তথ্য ফাঁসের খবর সামনে আসে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে বিশ্বমানের নিজস্ব ডেটা সেন্টার ও সাইবার সিকিউরিটি অবকাঠামো গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বাজেটে থোক বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল পেমেন্ট সহজীকরণ
দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ফ্রিল্যান্সারদের অবদান এখন অনস্বীকার্য। তবে এখনো অনেক ফ্রিল্যান্সার তাঁদের কষ্টার্জিত আয় সরাসরি দেশে আনার ক্ষেত্রে নানা প্রাতিষ্ঠানিক ও ব্যাংকিং জটিলতার মুখোমুখি হন। এই সমস্যার স্থায়ী সমাধানে দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও আধুনিক ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার দাবি জানিয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, ফ্রিল্যান্সাররা যেন তাঁদের উপার্জিত অর্থ কোনো ভোগান্তি ছাড়াই সরাসরি তাঁদের মোবাইল ব্যাংকিং বা এমএফএস অ্যাকাউন্টে আনতে পারেন, আসন্ন বাজেটে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের পক্ষ থেকে সে-সংক্রান্ত সুনির্দিষ্ট ও সহজ নীতিগত নির্দেশনা দেওয়া প্রয়োজন। এতে বৈধ পথে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ একধাক্কায় অনেক বেড়ে যাবে।
দেশি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি
দেশি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে বাজেটে বিশেষ প্রণোদনা ও কর রেয়াত দেওয়ার পক্ষে মত দেন মোহাম্মদ জহিরুল ইসলাম। একই সঙ্গে সরকারি-বেসরকারি সব কেনাকাটায় দেশি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার এবং প্রযুক্তি সেবাকে অগ্রাধিকার দেওয়ার আইনি বাধ্যবাধকতা তৈরি করা প্রয়োজন। এতে যেমন দেশের মেধা দেশেই থাকবে, তেমনি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।



