ইন্টারনেট ব্রাউজারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো গুগলের তৈরি ক্রোম ব্রাউজার। বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ব্যবহারকারী এটি ব্যবহার করেন। তবে গুগল অ্যাকাউন্টে লগইন করে বা ছাড়া যেভাবেই তথ্য খোঁজা হোক না কেন, প্রতিটি কার্যক্রমই গুগলের নজর এড়ায় না। আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন, কী খুঁজছেন বা কী খোঁজার চেষ্টা করছেন—সব তথ্যই জমা হয় গুগলের সার্ভারে।
তথ্য সংগ্রহের কার্যক্রম সীমিত করার পদ্ধতি
১. ব্যবহারসংক্রান্ত তথ্য সংগ্রহ বন্ধ করুন
ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ফিচার ব্যবহার এবং ওয়েবপেজ চালুর সময়ের তথ্য নিয়মিত সংগ্রহ করে। এই তথ্য সংগ্রহ বন্ধ করতে প্রথমে ক্রোম ব্রাউজারের তিন ডট মেনু থেকে সেটিংসে যান। এরপর ‘ইউ অ্যান্ড গুগল’ অপশন থেকে ‘সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিসেস’ নির্বাচন করে ‘হেল্প ইমপ্রুভ ক্রোমস ফিচারস অ্যান্ড পারফরম্যান্স’ অপশনটি বন্ধ করে দিন।
২. বিজ্ঞাপনের তথ্য সংগ্রহ সীমিত করুন
গুগলের আয়ের বড় অংশ আসে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন থেকে। ব্যবহারকারীদের আগ্রহ ও ইন্টারনেট ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেখায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের তথ্য সংগ্রহ সীমিত করতে সেটিংস থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করুন। তারপর ‘অ্যাডস প্রাইভেসি’ অপশনে প্রবেশ করে ‘অ্যাড টপিকস’, ‘সাইট-সাজেস্টেড অ্যাডস’ এবং ‘অ্যাড মেজারমেন্ট’ অপশনগুলো বন্ধ করে দিন।
৩. ইন্টারনেট ব্যবহারের তথ্যে নজরদারি কমানো
ব্যবহারকারীরা কোন ওয়েবসাইটে যাচ্ছেন, সেই তথ্যও সংরক্ষণ করে ক্রোম। নজরদারি কমাতে ‘ইউ অ্যান্ড গুগল’ অপশনে ক্লিক করে ‘সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিসেস’ নির্বাচন করুন। এরপর ‘মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার’ এবং ‘এনহ্যান্সড স্পেল চেক’ অপশন দুটি বন্ধ রাখুন।
৪. ইন্টারনেট ব্যবহারের ইতিহাস নিয়মিত মুছে ফেলুন
ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটারে ব্রাউজিং ইতিহাস, কুকিজ ও ক্যাশ ফাইল সংরক্ষণ করে। এই তথ্য নিয়মিত মুছে ফেললে তথ্য ফাঁসের ঝুঁকি কমে। এ জন্য সেটিংসে প্রবেশ করে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যান। তারপর ‘ডিলিট ব্রাউজিং ডেটা’তে গিয়ে নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করে ডেটা মুছে ফেলুন।
৫. কুকিজ ও অবস্থান শনাক্তকরণ সুবিধা বন্ধ করুন
থার্ড পার্টি কুকিজ ও অবস্থান শনাক্তকরণ সুবিধার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম অনুসরণ করতে পারে, যা গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ। এগুলো বন্ধ করতে সেটিংসে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করুন। তারপর ‘থার্ড পার্টি কুকিজ’ এ গিয়ে ‘ব্লক থার্ড-পার্টি কুকিজ’ অপশন চালু করুন। পাশাপাশি ‘সেন্ড আ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট উইথ ইয়োর ব্রাউজিং ট্রাফিক’ অপশনটিও চালু করুন।



