স্মার্টফোন না কিনে দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করল ছেলে
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্মার্টফোন কিনে না দেওয়ায় কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে তার ছেলে সালমান (২০)। বুধবার (৩ জুন) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করেছে পুলিশ। আহত কামাল মিয়া রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ওই বাজারের কাছে তারা সপরিবারে বসবাস করেন। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।
বাকবিতণ্ডা ও হামলা
এ নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে আইসিইউ না পাওয়ায় তাকে পপুলার হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে তার ছেলে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ওই ছেলেকে গ্রেফতার করা হয়েছে।



