ফেসবুকে নতুন এআই মোড চালু, প্রশ্নের উত্তর দেবে পোস্ট ও গ্রুপের তথ্য বিশ্লেষণ করে
ফেসবুকে নতুন এআই মোড চালু, প্রশ্নের উত্তর দেবে পোস্টের তথ্য বিশ্লেষণ করে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সেবার পরিধি বাড়াতে ফেসবুকে নতুন কয়েকটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। এসব সুবিধার মধ্যে সবচেয়ে আলোচিত ‘এআই মোড’। এর মাধ্যমে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর খুঁজে দিতে ফেসবুকের উন্মুক্ত পোস্ট, গ্রুপ ও রিলসে থাকা তথ্য ব্যবহার করা হবে।

এআই মোড কীভাবে কাজ করবে

সোমবার মেটা জানিয়েছে, নতুন এআই মোড ব্যবহার করে সাধারণ ভাষায় করা প্রশ্নের উত্তর পাওয়া যাবে সরাসরি। এ জন্য মেটার এআই প্রযুক্তি ফেসবুকজুড়ে থাকা বিভিন্ন পোস্ট, মন্তব্য ও আলোচনার তথ্য বিশ্লেষণ করে একটি উত্তর তৈরি করবে। ফলে প্রচলিত অনুসন্ধান ফলাফলের দীর্ঘ তালিকা ঘাঁটার পরিবর্তে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

মেটার মতে, এই সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয়ে মানুষের অভিজ্ঞতা, মতামত এবং চলমান আলোচনার সারসংক্ষেপ সহজেই পাওয়া যাবে। অর্থাৎ তথ্য খোঁজার ক্ষেত্রে ফেসবুককে আরও কার্যকর একটি প্ল্যাটফর্মে পরিণত করাই এ উদ্যোগের লক্ষ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন

তবে এআই মোড চালুর ঘোষণার পর তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্নও উঠেছে। কারণ, এআই যে তথ্যের ভিত্তিতে উত্তর তৈরি করবে, তার বড় অংশই আসবে সাধারণ ব্যবহারকারীদের প্রকাশিত পোস্ট ও মন্তব্য থেকে। ফলে ভুল, পুরোনো বা বিভ্রান্তিকর তথ্যও উত্তরে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটভিত্তিক তথ্য ব্যবহার করে গুগলের এআইনির্ভর অনুসন্ধান–সুবিধা চালুর পরও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন এআই মোডের পেছনে মেটার সাম্প্রতিক আরেকটি উদ্যোগেরও প্রভাব রয়েছে। গত মাসে প্রতিষ্ঠানটি ‘ফোরাম’ নামে রেডিটের আদলে একটি অ্যাপ চালু করে। সেখানে থাকা ‘আস্ক’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করলে ফেসবুক গ্রুপের বিভিন্ন আলোচনার তথ্য বিশ্লেষণ করে এআই উত্তর তৈরি করে দেয়। ফেসবুকের নতুন এআই মোডকে সেই উদ্যোগেরই বিস্তৃত সংস্করণ হিসেবে দেখা হচ্ছে।

ছবি ও ভিডিও সম্পাদনার নতুন টুল

অনুসন্ধান–সুবিধার পাশাপাশি ছবি ও ভিডিও সম্পাদনার জন্যও নতুন কিছু এআইনির্ভর টুল যুক্ত করেছে মেটা। ব্যবহারকারীরা এখন ভিডিও সংকলনে কোলাজ কাটআউট ও বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এআইনির্ভর ছবিবিন্যাস–সুবিধার মাধ্যমে পোশাক, চুলের ধরন বা বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ পরিবর্তন করে নিজের ছবির নতুন রূপ তৈরি করা যাবে।

ক্রীড়াপ্রেমীরা স্টোরিজে থাকা ‘এআই এডিট’–সুবিধা ব্যবহার করে ভার্চুয়ালি নিজেদের প্রিয় দলের জার্সি পরা ছবি তৈরি করতে পারবেন। একই সুবিধা প্রোফাইল ছবির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

সাম্প্রতিক এআই উদ্যোগ

সাম্প্রতিক সময়ে ফেসবুকে ধারাবাহিকভাবে নতুন নতুন এআই–সুবিধা যুক্ত করছে মেটা। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি অ্যানিমেটেড প্রোফাইল ছবি চালু করে, যার মাধ্যমে স্থির ছবিতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন যোগ করা যায়। মার্চে ফেসবুক মার্কেটপ্লেসে একটি এআই–সুবিধা যুক্ত করা হয়, যা বিক্রেতার হয়ে ক্রেতাদের বার্তার স্বয়ংক্রিয় উত্তর দিতে সক্ষম।

চলতি মাসের শুরুতে কনটেন্ট নির্মাতাদের জন্যও একটি এআই সহকারী চালু করেছে মেটা। এই সহকারী নির্মাতাদের প্রকাশিত কনটেন্ট ও তার কার্যকারিতা বিশ্লেষণ করে কখন পোস্ট করলে বেশি সাড়া পাওয়া যেতে পারে, সে বিষয়ে পরামর্শ দেয়। পাশাপাশি অনুসারীদের মন্তব্যের সারসংক্ষেপও তুলে ধরে।

এ লক্ষ্যেই সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য বৈশ্বিক গ্রাহকসেবা পরিকল্পনা চালু করেছে মেটা। মাসে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার থেকে শুরু হওয়া এসব সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধা পাবেন। ভবিষ্যতে এআইনির্ভর আরও গ্রাহকসেবা–সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।