ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি টুল গ্রক ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলায় ব্যবহৃত হয়েছে। বার্তা সংস্থা এএফপির দেখা মার্কিন সরকারের একটি আইনি নথিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
গত ১৫ জুনের ওই আইনি নথিতে মার্কিন ট্রিলিওনিয়ার ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের একটি বিশাল ডেটা সেন্টারে ব্যবহৃত গ্যাস টারবাইনগুলোর পক্ষে সাফাই গেয়েছে মার্কিন প্রশাসন। পরিবেশগত আইন লঙ্ঘনের অভিযোগে ওই ডেটা সেন্টারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল।
মামলার জবাবে মার্কিন বিচার বিভাগের যুক্তি
মামলার জবাবে মার্কিন বিচার বিভাগ যুক্তি দিয়েছে যে, এই মামলাটি মূলত আমেরিকার জাতীয়, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। কারণ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী শক্তির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা মার্কিন যুদ্ধ বিভাগের সামরিক অভিযানগুলোকে সরাসরি সহায়তা দিয়ে থাকে।
পেন্টাগনের এআই প্রধান ক্যামেরন স্ট্যানলির সাক্ষ্য
নিজেদের যুক্তির সপক্ষে ফেডারেল প্রসিকিউটররা পেন্টাগনের এআই প্রধান ক্যামেরন স্ট্যানলির সাক্ষ্য উপস্থাপন করেন। সেখানে স্ট্যানলি উল্লেখ করেছেন, মার্কিন সামরিক বাহিনীর এআই-সহায়তা চালিত টার্গেটিং প্রোগ্রাম প্রজেক্ট মেভেনে ইতোমধ্যেই গ্রক ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য এই প্রজেক্টটি শুরুতে অ্যানথ্রোপিকের ক্লড মডেল দ্বারা পরিচালিত হতো।
স্ট্যানলির বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের মেভেন স্মার্ট সিস্টেমসের (এমএসএস) সহায়তায় অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন বাহিনী মাত্র ৯৬ ঘণ্টার মধ্যে ২ হাজারটি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে ২ হাজারেরও বেশি গোলাবারুদ বা অস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হয়েছিল।
গ্রক গভ মডেলের প্রশংসা
পেন্টাগনের এই কর্মকর্তা মাস্কের প্রযুক্তির প্রশংসা করে বলেন, ‘গ্রক গভ মডেল’-এর কারণে সামরিক অভিযানের কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অধিকার রক্ষায় নিয়োজিত নাগরিক অধিকার সংস্থা এনএএসিপি ক্লিন এয়ার অ্যাক্ট বা নির্মল বায়ু আইন লঙ্ঘনের দায়ে এক্সএআইয়ের বিরুদ্ধে এই মামলাটি করেছে। সংস্থাটির অভিযোগ, এক্সএআই কোনও ধরনের অনুমতি ছাড়াই কয়েক ডজন টারবাইন চালাচ্ছে, যা মূলত কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে দূষিত করছে।
তবে এক্সএআই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই টারবাইনগুলো অস্থায়ী ও ভ্রাম্যমাণ। তাই এগুলো কোনও নিয়মনীতি বা জবাবদিহিতার আওতাভুক্ত নয়।



