তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের ঢাকা পর্বে কয়েক শ শিক্ষার্থীর অংশগ্রহণ
তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের ঢাকা পর্বে বিপুল সাড়া

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হলো ‘তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর ঢাকা আঞ্চলিক পর্ব। এই প্রতিযোগিতায় ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী ছয়টি জেলার কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।

প্রতিযোগিতার সময়সূচি ও কার্যক্রম

২ মে শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় ‘এআই কোডিং প্রতিযোগিতা’। এর পাশাপাশি সকাল ৯টা থেকে ‘এআই কুইজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা থেকে কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে ‘এআই–এর গল্প’ শীর্ষক মেশিন লার্নিংয়ের ওপর একটি সেশন পরিচালিত হয়। এই সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সমাপনী ও পুরস্কার বিতরণ

বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এআই কুইজ ক্যাটাগরিতে ৯ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জে ১৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিথিদের বক্তব্য

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটির পরিচালক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম মাইনুল হোসেন, বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং জাদু পিসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর হান্নান। স্বাগত বক্তব্য দেন বিডিওএসএসএনের সভাপতি মুনির হাসান এবং সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক মো. আহসান হাবীব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি আমাদের বর্তমানের বাস্তবতা। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে।’ তিনি ঘোষণা করেন, এই অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে শতভাগ ওয়েভার সুবিধা পাবে।

সভাপতির বক্তব্যে বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, ‘আজকের এই প্রতিযোগিতা কেবল একটি পুরস্কার জেতার আয়োজন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আজীবন অনুরাগ তৈরির একটি প্রয়াস। বিইউবিটি সব সময় এ ধরনের মেধাচর্চার পাশে থাকবে।’

জাতীয় প্রতিযোগিতা ও স্পনসর

ঢাকা আঞ্চলিক পর্বের বিজয়ীরা ১৬ মে চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, টিভি পার্টনার দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB), রকমারি ডটকম ও জাদু পিসি। আয়োজনের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।