অ্যান্ড্রয়েডে আসছে ফেক কল ডিটেকশন সুবিধা
অ্যান্ড্রয়েডে আসছে ফেক কল ডিটেকশন সুবিধা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তায় ‘ফেক কল ডিটেকশন’ সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, সুবিধাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে করা ভুয়া ফোনকল স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার পাশাপাশি ব্যবহারকারীকে সতর্ক করবে। ফলে পরিচিত ব্যক্তিদের কণ্ঠ নকল করে ভুয়া ফোনকল থেকে নিরাপদে থাকবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

কিভাবে কাজ করবে ফেক কল ডিটেকশন?

গুগলের তথ্য অনুযায়ী, ‘ফেক কল ডিটেকশন’ সুবিধাটি দুটি ফোনের মধ্যে একধরনের ডিজিটাল ভেরিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তিতে কেউ পরিচিত ব্যক্তির কণ্ঠ নকল করে অন্য নম্বর থেকে ফোনকল করলে সেই ব্যক্তির ফোনে থাকা ভেরিফিকেশন সিগন্যাল মিলিয়ে দেখা হয়। অর্থাৎ অ্যান্ড্রয়েড স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির ফোনের সঙ্গে মিলিয়ে দেখবে, তিনি সত্যিই কল করছেন কি না।

যাচাইয়ের সময় যদি দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো কল করছেন না, তাহলে কলগ্রহীতার ফোনের পর্দায় সতর্কবার্তা দেখানো হবে। বার্তায় জানানো হবে, কল করা ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করতে পারেন। একই সঙ্গে ব্যবহারকারীকে কলটি বিচ্ছিন্ন করার পরামর্শও দেওয়া হবে। গুগলের দাবি, পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত রেখেই সম্পন্ন হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যবহার ও প্রাপ্যতা

ফেক কল ডিটেকশন সুবিধা ব্যবহারের জন্য পরিচিত ব্যক্তি ও কলগ্রহীতা উভয়কেই ‘ফোন বাই গুগল’ অ্যাপ ব্যবহার করতে হবে। ভেরিফিকেশন–সংক্রান্ত তথ্য এনক্রিপ্টেড পদ্ধতিতে আদান-প্রদান করা হবে, ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে গুগল। সুবিধাটি ডিফল্টভাবে চালু হলেও ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে বন্ধ করতে পারবেন। চলতি মাস থেকেই অ্যান্ড্রয়েড ১২ বা পরবর্তী সংস্করণে চলা ফোনে ধাপে ধাপে ফেক কল ডিটেকশন সুবিধা চালু করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ