হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন প্রযুক্তি-সুবিধা যুক্ত করে চলেছে। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণগুলোতে এই সুবিধাগুলো কাজ করে না। তাই হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ৬-এর আগের সব সংস্করণ থেকে নিজেদের প্রযুক্তিগত সমর্থন প্রত্যাহারের পরিকল্পনা করেছে।
কী পরিবর্তন আসছে?
প্রযুক্তি ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে অ্যান্ড্রয়েড ৬-এর আগের সংস্করণে চলা স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের হালনাগাদ নিরাপত্তা ও প্রযুক্তি-সুবিধা পাওয়া যাবে না। ব্যবহারকারীরা নতুন ফিচার ব্যবহার করতে পারবেন না এবং সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকিতে থাকবেন।
কবে থেকে কার্যকর হবে?
নতুন এই সিদ্ধান্ত ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এরপর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর আগের সংস্করণে চলা ফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা ব্যবহার করা যাবে না। যারা পুরোনো মডেলের ফোন ব্যবহার করছেন, তারা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের কোনো প্রযুক্তি সেবা পাবেন না।
কেন এমন সিদ্ধান্ত?
হোয়াটসঅ্যাপের হালনাগাদ প্রযুক্তি ব্যবহারের জন্য ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যারের একটি ন্যূনতম মান নির্ধারণ করা হয়। নতুন প্রযুক্তিগুলো পুরোনো অপারেটিং সিস্টেমে চলা ফোনে সমর্থন করে না। ফোনের অপারেটিং সিস্টেম হালনাগাদ করে এই সমস্যার সমাধান করা গেলেও অনেক পুরোনো মডেলের ফোনে তা সম্ভব হয় না।
সূত্র: ইন্ডিয়া টুডে



