গৌরনদীতে কুকুরের কামড়ে শিশু-নারীসহ ১৪ জন আহত
গৌরনদীতে কুকুরের কামড়ে ১৪ জন আহত

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় একই দিনে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি ও মাগুরাসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা পৃথক স্থানে কুকুরের আক্রমণের শিকার হন বলে জানা গেছে।

এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বিড়ালের কামড়ে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আহতদের তালিকা

আহতরা হলেন— কটকস্থল গ্রামের সুমন তালুকদারের মেয়ে আবিদা (৫), একই গ্রামের আল-আমিনের ছেলে আয়াত (৩), মিঠু সরদারের মেয়ে লাইজু (৮), ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার মেয়ে তাইয়েবা (৪), মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর মেয়ে খাদিজা (৩), টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর মেয়ে সামিয়া (৭), বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছেলে নবীন (৬) এবং পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া বিড়ালের কামড়ে আহত হয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গোপাল কুন্ডুর ছেলে মিঠুল কুমার কুন্ডু (২৯)।

আগের দিনের ঘটনা

রেজিস্টার সূত্রে আরও জানা গেছে, এর আগের দিন বুধবার (২৯ এপ্রিল) গৌরনদীর বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬) এবং শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সি ছেলে আল-আমিন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নেন। পাশাপাশি পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের বক্তব্য

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন।