ভিডিও কেটে তথ্য বিকৃতি: আইনি ঝুঁকি ও নাগরিক সচেতনতা
ভিডিও কেটে তথ্য বিকৃতি: আইনি ঝুঁকি ও সচেতনতা

ডিজিটাল যুগে ভিডিও কেটে তথ্য বিকৃতি: আইনি ঝুঁকি ও নাগরিক সচেতনতা

ডিজিটাল যুগে তথ্যের বিস্তার যেমন দ্রুত হয়েছে, তেমনই এর অপব্যবহারও নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে ভিডিও কনটেন্ট কেটে 'রিলস' বা 'শর্টস' আকারে প্রচারের মাধ্যমে তথ্য বিকৃতি এখন একটি বড় আইনি ও সামাজিক ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। একটি পূর্ণাঙ্গ ভিডিও থেকে কয়েক সেকেন্ড কেটে এমনভাবে উপস্থাপন করা সম্ভব, যাতে পুরো বক্তব্যের অর্থ সম্পূর্ণ বদলে যায়।

আইনি কাঠামো ও শাস্তিযোগ্য অপরাধ

বাংলাদেশের সাম্প্রতিক আইনি কাঠামো অনুযায়ী, বিশেষ করে ২০২৫ সালের সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সের আলোকে, ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রচার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এই আইনি কাঠামো মূলত পূর্বের 'সাইবার সিকিউরিটি আইন ২০২৩' এর সীমাবদ্ধতা কাটিয়ে একটি নতুন ভারসাম্য আনার চেষ্টা করেছে—যেখানে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতাও বিবেচনায় নেওয়া হয়েছে।

আইনগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনটেন্ট এবং ইমপ্যাক্ট। যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটি ভিডিও সম্পাদনা করে এমনভাবে প্রচার করে— যাতে জনসাধারণ বিভ্রান্ত হয়, কারও সুনাম ক্ষুণ্ণ হয়, বা বিচার প্রক্রিয়া প্রভাবিত হয়— তাহলে তা মানহানি, ডিজিটাল জালিয়াতি বা মিস-ইনফরমেশন অফেন্স হিসেবে গণ্য হতে পারে। বিশেষ করে বিচারাধীন বিষয় বা সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে এই ধরনের ভিডিও ছড়ানো আরও গুরুতর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্তের চ্যালেঞ্জ ও ডিজিটাল ফরেনসিক

তদন্তের ক্ষেত্রে এই ধরনের কনটেন্ট একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে। কারণ একটি কাটা ভিডিও দিয়ে সত্য নির্ধারণ করা যায় না। এজন্য ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, মেটাডাটা যাচাই, সোর্স ট্রেসিং এবং টাইমলাইন রিকনস্ট্রাকশন প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভাইরাল হওয়া ক্লিপের সাথে মূল ভিডিওর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাগরিকদের জন্য সচেতনতার পদক্ষেপ

এই প্রেক্ষাপটে নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করা উচিত:

  • প্রথমত, কোনও রিলস বা শর্ট ভিডিও দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়।
  • দ্বিতীয়ত, কনটেন্টের উৎস যাচাই করা জরুরি।
  • তৃতীয়ত, আবেগপ্রবণ প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে হবে— কারণ মিস-ইনফরমেশন মূলত আবেগকে ব্যবহার করেই ছড়ায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—যাচাই ছাড়া শেয়ার না করা। কারণ একটি ভুল তথ্য শেয়ার করা মানে সেটিকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া, যা অনেক ক্ষেত্রে আইনি দায়ও তৈরি করতে পারে।

ডিজিটাল বিশ্বে দায়িত্বশীল আচরণ

ডিজিটাল বিশ্বে তথ্য এখন একটি শক্তিশালী হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে যেমন সত্য প্রতিষ্ঠা করা যায়, তেমনই বিভ্রান্তিও তৈরি করা যায়। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব— তথ্য গ্রহণের আগে যাচাই করা, প্রেক্ষাপট বোঝা এবং দায়িত্বশীল আচরণ করা।

লেখক: প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল