হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন এক সুবিধা। এখন থেকে পাঠানো বার্তা পড়ার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে। ‘আফটার রিডিং’ নামের এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করেছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি।
কীভাবে কাজ করবে ‘আফটার রিডিং’?
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআ বেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের টেস্টফ্লাইট প্রোগ্রামের সঙ্গে যুক্ত আইওএসের নির্দিষ্ট বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এই সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেটিংস থেকে ‘আফটার রিডিং’ সুবিধা চালু বা বন্ধ করা যাবে।
কেউ যদি ‘আফটার রিডিং’ মোডে পাঁচ মিনিট সময় নির্ধারণ করে বার্তা পাঠান, তাহলে গ্রাহক বার্তাটি না খোলা পর্যন্ত সেটি চ্যাট বক্সে দেখা যাবে। প্রাপক বার্তাটি পড়ার পর থেকেই সময় গণনা শুরু হবে এবং নির্ধারিত পাঁচ মিনিট শেষ হলে বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
একাধিক সময়সীমা পরীক্ষা
নতুন সুবিধাটির জন্য একাধিক সময়সীমাও পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ভবিষ্যতে ৫ মিনিট, ১ ঘণ্টা কিংবা ১২ ঘণ্টার মতো সময়সীমা যুক্ত করা হতে পারে সুবিধাটিতে। তবে প্রাপক বার্তা না পড়লে ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে বার্তাটি মুছে যাবে। অর্থাৎ, অন্যদের পাঠানো না পড়া বার্তাও দীর্ঘ সময় চ্যাট বক্সে জমে থাকবে না।
ঐচ্ছিক সুবিধা
ডিসঅ্যাপিয়ারিং মেসেজের বিদ্যমান সুবিধার মতো নতুন সুবিধাটিও সম্পূর্ণ ঐচ্ছিক হবে বলে ধারণা করা হচ্ছে। ঐচ্ছিক হলে ব্যবহারকারীদের নিজে থেকে সুবিধাটি চালু করতে হবে। ব্যবহারকারীরা নিজে থেকে সুবিধাটি চালু না করলে আগের চ্যাট বা বিদ্যমান ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেটিংসে কোনো পরিবর্তন হবে না। তবে কবে নাগাদ সুবিধাটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।
বর্তমানে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়ার ন্যূনতম সময়সীমা ২৪ ঘণ্টা। ফলে প্রাপক বার্তা পড়ার পরও সেগুলো চ্যাট বক্সে দেখা যায়। ‘আফটার রিডিং’ সুবিধা চালু হলে এই সমস্যার সমাধান হবে। ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তা আরও নিরাপদে রাখতে পারবেন।



