এক্সফাইল ছবি: রয়টার্স
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) নিয়মিত বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। অন্যদের করা পোস্ট ভালো লাগলে লাইক দেন কেউ কেউ। কেউ আবার পড়ে পড়ার জন্য বুকমার্ক করে সংরক্ষণ করেন। আর তাই ব্যবহারকারীদের পছন্দের পুরোনো বুকমার্ক, লাইক, ভিডিওসহ পোস্টগুলো আবার দেখার সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে এক্স।
নতুন হিস্ট্রি ট্যাব কী?
নতুন এ উদ্যোগের আওতায় বুকমার্কস ট্যাবের নাম পরিবর্তন করে হিস্ট্রি রাখা হয়েছে। ট্যাবটিতে বুকমার্ক করা পোস্টের পাশাপাশি ব্যবহারকারীদের পছন্দ করা সব পোস্ট ও ভিডিও দেখা যাবে। এক্সের তথ্য অনুযায়ী, হিস্ট্রি ট্যাবে অন্যদের পোস্ট করা বার্তায় মন্তব্য বা প্রতিক্রিয়া দেখালেই সেগুলো সংরক্ষণ করে রাখা হবে। শুধু তা–ই নয়, পছন্দের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। ফলে ব্যবহারকারীরা যেকোনো সময় হিস্ট্রি ট্যাবে ক্লিক করে নিজেদের পছন্দের পুরোনো পোস্ট ও ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে আইফোনে
নতুন এ সুবিধা প্রাথমিকভাবে আইফোনে ব্যবহার করা যাবে। এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ারের তথ্য অনুযায়ী, হিস্ট্রি ট্যাব একই জায়গায় ব্যবহারকারীদের পছন্দের সব আধেয় বা কনটেন্টের খোঁজ দেবে। বুকমার্কসে ব্যবহারকারীদের সংরক্ষণ করা আধেয়গুলো দেখা গেলেও ভিডিও ও পোস্টগুলো সংরক্ষণ করা হবে দেখা বা পড়ার ওপর ভিত্তি করে।
গোপনীয়তা বজায় থাকবে
হিস্ট্রি ট্যাবে থাকা তথ্যগুলো শুধু ব্যবহারকারীই দেখতে পারবেন। নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা শুধু তাঁদের বুকমার্ক করা পোস্টগুলোই দেখতে পাবেন না; বরং এক্সে পড়া সব পোস্ট ও ভিডিওগুলো একসঙ্গে দেখতে পারবেন। নতুন হিস্ট্রি ট্যাবে বুকমার্ক, দীর্ঘ ভিডিও, আর্টিকেল ও লাইকগুলো আলাদাভাবে একই জায়গায় পাওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীরা যেকোনো সময় সেগুলো পড়তে বা দেখতে পারবেন।
সূত্র: টেকক্রাঞ্চ, ম্যাশেবল
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রযুক্তি থেকে আরও পড়ুন



