দেশে সোনার দাম কমল, ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৫ হাজার টাকা
দেশে সোনার দাম কমল, ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৫ হাজার

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার মূল্য হ্রাস পাওয়ায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা (ভ্যাটসহ)।

নতুন মূল্য কার্যকর

সোমবার (২৯ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভিন্ন ক্যারেটের দাম

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে (২৭ জুন) বাজুস সব ধরনের সোনার দাম বাড়িয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়। তবে স্থানীয় বাজারে কাঁচা সোনার দাম কমে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে দাম কমানো হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

এদিকে, রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই রুপার গহনা কিনতে নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।

বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারিত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ