বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমির মালিকানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহত লিটন সাকিদার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি মণ্ডলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মুহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ সাকিদার (৩২), তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামাণিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামাণিকের ছেলে মুন প্রামাণিক (২৮)।
ঘটনার বিবরণ
পুলিশ ও এলাকাবাসী জানান, একই গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে দুদু প্রামাণিকের ছেলে খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষের একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে উভয়পক্ষের মোট নয়জন আহত হন।
চিকিৎসা ও মৃত্যু
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে লিটন সাকিদার, রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে লিটন সাকিদার মারা যান।
পুলিশের কার্যক্রম
সারিয়াকান্দি থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের গ্রেফতার করা হবে।



