ফুলগাজীতে বজ্রপাতে ভাই-বোনের মৃত্যু
ফেনীর ফুলগাজী উপজেলায় বজ্রপাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার ও আট বছর বয়সী শিশু আবির হোসেনের মৃত্যু হয়েছে। তারা একে অপরের মামাতো ভাই ও ফুপাতো বোন। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (১৭ জুন) দুপুরে ফুলগাজীর বসন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত নাদিয়া আক্তার বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে এবং আবির হোসেন ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতের শিকার হয়ে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।



