‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। এতে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
২৫ জুন বিতরণ কার্যক্রম
২৫ জুন দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকায় বন্ধুসভার কার্যালয় থেকে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, লিচু, বকুল ও নিমগাছ।
শিক্ষার্থী ও সংগঠনের অংশগ্রহণ
এ বিষয়ে কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ্ ভূঁইয়া বলেন, ‘নয়াবাজার উচ্চবিদ্যালয়, আলবাট্রস স্কুল অ্যান্ড কলেজ ও ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া বর্ণমালা উন্নয়ন সংসদসহ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতেও চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধুসভার সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় সড়কের পাশে, পুকুরপাড়ে ও অন্যান্য উপযুক্ত স্থানে গাছের চারা রোপণ করে।’
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
গাছ পেয়ে উচ্ছ্বসিত আলবাট্রস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার বলে, ‘আমরা সাধারণত বইয়ে পরিবেশ রক্ষার কথা পড়ি; কিন্তু আজ নিজের হাতে একটি গাছের চারা পেয়ে সেটি রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে পারছি। গাছটি বড় হলে যেমন পরিবেশের উপকার হবে, তেমনি আমাদেরও ভালো লাগবে।’
নয়াবাজার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাহিম হোসেন বলে, ‘একটি গাছ শুধু ফল বা ছায়া দেয় না, পরিবেশও রক্ষা করে। বাড়িতে গিয়ে চারাটি রোপণ ও নিয়মিত পরিচর্যা করব। আমার মনে হয়, প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো উচিত।’
বন্ধুসভার লক্ষ্য
কেরানীগঞ্জ বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক মোহনা আক্তার বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ তৈরি করতে ও সবুজ পরিবেশ গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, আজ যে চারাগুলো বিতরণ করা হয়েছে, সেগুলো একদিন বড় হয়ে পরিবেশ ও মানুষের উপকারে আসুক।’
অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গ
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি তানজিম আরা নুসরাত, বর্তমান সহসভাপতি শামসুন্নাহার শিরীন, সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, অর্থ সম্পাদক মোস্তফা মহসিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রানা হামিদ, কার্যনির্বাহী সদস্য শামসুজ জলিল, ইলমা আক্তার ও মাধুর্য প্রমুখ।



