সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাগলা বাজারে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির উদ্যোগে ১০ দফা দাবি আদায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সংগঠনের সমন্বয়ক মো. সাহেব আলীর সভাপতিত্বে ও মুখ্য সমন্বয়ক মো. জসিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়জুল হাকিম।
সমাবেশে বক্তব্য
সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম মকবুল, জুনেদ আহমেদ, তারেক আহমেদ, গীতিকার খালেক মিয়া, ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমেদ।
ফয়জুল হাকিমের বক্তব্য
সভায় ফয়জুল হাকিম তার বক্তব্যে বলেন, “কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির ১০ দফা দাবি অত্যন্ত ন্যায্য দাবি। কৃষক-মজুর-মৎস্যজীবীকে তার দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রাম ছাড়া কোনও দাবি আদায় করা সম্ভব নয়। বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে সরকারকে তার হিসাব দিতে হবে। শিক্ষা, কৃষি, চিকিৎসা খাতের বাজেটের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। কৃষক-মজুর-মেহনতি জনতার স্বার্থে বাজেটের অর্থ ব্যয় করতে হবে।”
আগামী সমাবেশের আহ্বান
সভায় ১০ দাবি আদায়ের জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার উদ্যোগ শনিবার (২৭ জুন) সিলেট কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।



