চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ক্যালেন্ডার ও স্পেশাল ট্রেন বাতিল
চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ক্যালেন্ডার ও স্পেশাল ট্রেন বাতিল

চাঁপাইনবাবগঞ্জে গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’ থাকছে না। আম পরিপক্ব হলেই তা সংগ্রহ ও বাজারজাত করা যাবে। একই সঙ্গে লোকসান এড়াতে এবার চালু হচ্ছে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনও।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত

সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভা শেষে জেলা প্রশাসক জানান, আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও গবেষকদের মতামতের ভিত্তিতে এবারও ম্যাংগো ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট তারিখ ধরে আম সংগ্রহ বা বাজারজাত করতে হবে না। তবে আম পরিপক্ব হওয়ার আগে বাজারে তোলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ম্যাংগো স্পেশাল ট্রেন বাতিল

অন্যদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন বলেন, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় লোকসান হওয়ায় এবার ট্রেনটি চালানো হচ্ছে না। তবে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর বনলতা এক্সপ্রেসে বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করে আম পরিবহন করা হবে। এতে প্রতিদিন ৫৪ মেট্রিক টন আম পরিবহন সম্ভব হবে।

জেলা প্রশাসক বলেন, আগের বছরগুলোতে ম্যাংগো স্পেশাল ট্রেন প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এবার বনলতা এক্সপ্রেসের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে স্বল্প খরচে আম ঢাকায় পাঠানোর সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ