পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে কর্মসূচি শুরু করেছিলেন, তা শুধু একটি উন্নয়ন প্রকল্প ছিল না; এটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব। আজ তারেক রহমানের নেতৃত্বে সেই কার্যক্রম আবারও নতুনভাবে শুরু হয়েছে।
উদ্বোধন ও পরিদর্শন
বৃহস্পতিবার (৭ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি। উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন। এসময় নদীর বিভিন্ন স্থানে শিল্পকারখানার বর্জ্য দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং নদী দূষণ রোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অর্থনৈতিক ও সামাজিক প্রভাব
মন্ত্রী এ্যানি বলেন, খাল খননের মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই কার্যক্রম মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে। তিনি আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারাদেশে খাল পুনঃখনন ও নদী রক্ষায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানা ওসি মো. হাসান আলী, উপজেলা নির্বাহী প্রকৌশলী সামিউল আরেফিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।



