চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালীয়াপাড়া এলাকার একটি ধানখেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের আতঙ্ক ও উদ্ধার কার্যক্রম
স্থানীয়রা জানান, সকালে ধান কাটার সময় হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পেয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নির্দেশে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে।
অভয়ারণ্যে অবমুক্ত
চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। সাপটি সুস্থ থাকায় কোনো চিকিৎসা ছাড়াই সরাসরি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ২০ কেজি এবং এটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে।



