প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি সিমোন পার্চমেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। পিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মিড ডে মিল কর্মসূচির গুরুত্ব
উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহার ও বক্তব্যে বহু বছর ধরে 'মিড ডে মিল' কর্মসূচির গুরুত্ব তুলে ধরছেন, কারণ তিনি বিশ্বাস করেন পুষ্টিকর খাবার শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়া সরকারপ্রধান হিসেবে তার মেয়াদে এই কর্মসূচি শুরু করেছিলেন।
বৈঠকে আলোচিত বিষয়
বৈঠকে বাংলাদেশ সরকারের গৃহীত মিড ডে মিল কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এ প্রসঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
বৈঠকে মিড ডে মিল কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মনিটরিং ও তদারকি জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিবেথ ব্ল্যাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং এমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন।



