রাজবাড়ীতে ভিজিএফ চাল বঞ্চিত জেলেদের বিক্ষোভ
রাজবাড়ীতে ভিজিএফ চাল বঞ্চিত জেলেদের বিক্ষোভ

রাজবাড়ীতে ভিজিএফের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়ে বিক্ষোভ করেছেন অর্ধশত কার্ডধারী জেলে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে জেলেরা জানান, জাটকা ধরা বন্ধ রাখতে সরকার তাদের ৮০ কেজি করে চাল দিত। কিন্তু তালিকাভুক্ত জেলে হওয়া সত্ত্বেও এবছর তারা চাল পাননি। তারা বারবার পৌরসভায় গেলেও চাল দেওয়া হয়নি।

জেলেদের অভিযোগ

ক্ষোভ প্রকাশ করে জেলে বিশ্বনাথ মন্ডল, নিতাই মন্ডল, সুরঞ্জন সরকার, অক্ষয় মন্ডল, অজিত বিশ্বাস ও কার্তিক সরদার বলেন, এক সময় পৌরসভার ১৫৭ জন জেলেকে চাল দিত সরকার। বর্তমানে মৎস্য অফিস ৮৭ জন জেলেকে চাল দেয়। সেখানে রাজমিস্ত্রি, ইজিবাইক চালকের মতো ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকৃত জেলেদের বাদ দিয়ে মৎস্য অফিস অনিয়ম করে তাদের চাল দেওয়া বন্ধ করে দিয়েছে। চাল না পেয়ে তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন।

সমিতির উপদেষ্টার বক্তব্য

জেলার মৎস্যজীবী সমবায় সমিতির উপদেষ্টা শচীন্দ্রনাথ সরকার বলেন, অনেক প্রকৃত জেলেকে বাদ দিয়ে অনিয়ম করে চাল বিতরণ করা হয়েছে। তারা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছেন এবং তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৎস্য কর্মকর্তার ব্যাখ্যা

রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফের চাল বরাদ্দ কম এসেছে। উপজেলায় ৪ হাজার ২৪১ জন নিবন্ধিত জেলে থাকলেও মাত্র ১ হাজার ৪৩০ জন জেলের জন্য চাল বরাদ্দ এসেছে। পৌরসভায় ১৫৭ জন নিবন্ধিত জেলের মধ্যে ৮৭ জনকে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেন, চাল বরাদ্দে কোনো অনিয়ম করা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেলা প্রশাসকের প্রতিক্রিয়া

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, চাল বরাদ্দ নিয়ে কোনো অনিয়মের লিখিত অভিযোগ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জেলেরা তার কাছে চালের জন্য এসেছিলেন। তিনি তাদের জিআর’র চাল দেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা আবেদন করলেই চাল পাবেন।