কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) এক অভিযানে মিয়ানমার থেকে আসা একটি নৌকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানের বিবরণ
বুধবার দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধীনে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া নামক স্থানের সীমান্তবর্তী নাফ নদীর শূন্য লাইনের কাছে মিয়ানমার থেকে জেলের বেশে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। টহলরত ৬৪ বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নেয় এবং ওই গ্রুপের ওপর গুলি বর্ষণ করে।
সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড ফায়ার করে নৌকা রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। বিজিবি টহল দল নৌকাটি আটকের পর তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রী
- জি থ্রি রাইফেল: ১টি
- জি থ্রি খালি ম্যাগাজিন: ৩টি
- খালি ফাইবার ম্যাগাজিন: ৩টি
- গুলির রাউন্ড: ৫১৫টি
- মোবাইল ফোন: ১টি
- এয়ারটেল সিম: ২টি
- ইয়াবা: ৪ হাজার পিস
- জি থ্রি পোচেস: ১টি
- লুঙ্গি: ২টি
- কলার গেঞ্জি: ১টি
- ১০ টাকার নোট: ২টি
- মারিস সিগারেট: ১২ প্যাকেট
জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
লে. কর্নেল জহিরুল ইসলাম আরও জানান, সীমান্তে বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বসবাসরত জনসাধারণ ও জেলেদের জানমালের নিরাপত্তায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।



