নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। মঙ্গলবার (২৬ মে) মহাসড়কের সোনারগাঁ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়েছে।
শ্রমিকদের দাবি
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মহাসড়কের সোনারগাঁ টিপুদ্রি এলাকার পাশে অবস্থিত চৈতি গার্মেন্টসের সামনে মহাসড়কে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে অবরোধ করে আন্দোলন শুরু করেন। এ সময় তারা মহাসড়কের দুটি লেনের সামনে বিক্ষোভ করেন। গত এপ্রিল মাসের বকেয়াসহ মে মাসের বেতন ঈদের আগে পরিশোধ করার দাবি জানান তারা। তবে মালিকপক্ষ পুরো বেতন দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে ক্ষোভে শ্রমিকরা আন্দোলন শুরু করে ও মহাসড়ক অবরোধ করেন।
যানজটে ভোগান্তি
এদিকে শ্রমিকদের আন্দোলনের ফলে দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ টিপুদ্রি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। যানজটে বসে থাকা তিশা বাসের যাত্রী আরমান মিয়া বলেন, "দুপুরে মদনপুর এলাকায় পৌঁছতেই যানজটে আটকা পড়ি। এখন গাড়ি একটুও সামনে এগোচ্ছে না।" ট্রাকচালক রফিক মিয়া বলেন, "হঠাৎ এমন যানজট কেন হলো কিছুই বুঝতে পারছি না। সকালেও মহাসড়কে যানজট দেখিনি।"
পুলিশের অবস্থান
বিষয়টি নিশ্চিত করে কাচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, "দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোলপ্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।"



