চিটাগাং রোডে যাত্রীচাপ বাড়লেও নেই দীর্ঘ যানজট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানী ছাড়ার পথে। টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সোমবার (২৫ মে) ভোর থেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও হাজীগঞ্জগামী বাস কাউন্টারগুলোতে ভোর থেকেই যাত্রী জড়ো হতে থাকে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও বাড়তে থাকে।
যানজট পরিস্থিতি স্বাভাবিক
তবে যাত্রীচাপ বাড়লেও দিনভর ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। কোথাও কোথাও ধীরগতির যান চলাচল থাকলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বাস কাউন্টারের কর্মীরা জানান, ভোর থেকে চিটাগাং রোড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীরা আসা শুরু করে এবং একসময় তাদের চাপ বাড়তে থাকে। পরিবারের সদস্য ও শিশুদের নিয়ে অনেকে ভোর থেকেই কাউন্টারে অপেক্ষা করতে থাকেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের অনেকেই অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে পরিবহণগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। একই সঙ্গে নির্ধারিত সময়েও বাস না আসায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। চাঁদপুরের যাত্রী বুলবুল হোসেন জানান, তিনি সকাল থেকে পদ্মা পরিবহণের কাউন্টারে অপেক্ষা করছেন, কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাস পাননি। তিনি বলেন, 'আমি প্রায় এক ঘণ্টা ধরে কাউন্টারে বসে আছি, এখনো গাড়ি আসেনি। সাধারণ সময়ে যে ভাড়া ২৫০ টাকা, এখন সেটাই ৪৫০ টাকা নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে।' একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন যাত্রী। নোয়াখালীর মাইজদী এলাকার বাসিন্দা বাচ্চু নামের এক যাত্রী জানান, সকালে বের হওয়ায় দ্রুত বাস পেলেও ভাড়া আগের চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে।
সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া রুটে চাপ কম
অন্যদিকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া রুটে তুলনামূলক যাত্রীচাপ কম দেখা গেছে। এ রুটের কাউন্টার কর্মীরা বলেন, এখন পর্যন্ত চাপ কম এবং পর্যাপ্ত গাড়ি রয়েছে। কিছুক্ষণ আগে দুটি গাড়ি কয়েকটি সিট খালি নিয়েই ছেড়ে গেছে। তবে আগামীকাল থেকে যাত্রীর চাপ অনেক বাড়বে বলে তারা আশা করছেন।
পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে হাইওয়ে পুলিশ। বিশেষ করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক, মাদানীনগর মাদ্রাসা, চিটাগাং রোড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান ও নজরদারি বাড়ানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, 'ঈদযাত্রা স্বাভাবিক রাখতে শিমরাইল, চিটাগাং রোড, কাঁচপুর ও তারাবো এলাকায় ৪০ জন অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। কোথাও যানজট তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।' তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণেও অভিযান পরিচালনা করা হচ্ছে।



