কুমিল্লায় বাসের চাপায় মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাসের চাপায় মা-মেয়ে নিহত, আহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন চার জন। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন– জেসমিন আক্তার (৪২) ও তার শিশুসন্তান নুসরাত জাহান (৪)। তারা কুমিল্লা পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নূর ইসলাম মিয়ার স্ত্রী ও মেয়ে।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, জেসমিন ও তার মেয়ে নুসরাত জাহান, জাফর আহমেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম সোমবার দুপুর ১২টায় চৌদ্দগ্রাম বাজারে কেনাকাটা শেষে নিজাম উদ্দিনের অটোরিকশায় উঠে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৩৫৯) সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা যাত্রী জেসমিন। আহত হন নুসরাত ও অটোরিকশাচালক নিজাম উদ্দিনসহ অপর তিন যাত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লায় পাঠানো হয়। অবস্থার অবনতি হলে শিশু নুসরাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কের সিটি স্ক্যান করার সময় তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার নামে এক নারী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল জাব্বার বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’