জেট ফুয়েল ও ডিজেলের নতুন চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে, মজুত বাড়ছে
জেট ফুয়েল ও ডিজেলের নতুন চালান চট্টগ্রাম বন্দরে

জেট ফুয়েল ও ডিজেলের নতুন চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটায় 'এমটি গ্রেট প্রিন্সেস' নামের জাহাজটি বন্দরের জেটিতে প্রবেশ করে। জাহাজটিতে প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল রয়েছে, যা সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।

ডিজেল নিয়ে আসছে আরও দুটি জাহাজ

এদিকে, আজ রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ। 'এমটি টর্ম দামিনি' জাহাজে প্রায় ৩৩ হাজার টন ডিজেল রয়েছে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। একই সময়ে 'এমটি লুসিয়া সলিস' জাহাজে আসছে প্রায় ৩৫ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

জেট ফুয়েলের মজুত ও চাহিদার অবস্থা

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুত ছিল প্রায় ২২ হাজার টন, যা দিয়ে প্রায় ১৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও বেড়েছে। যদিও দেশে জেট ফুয়েলের চাহিদা তুলনামূলক কম। ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে ২১ হাজার টন, দৈনিক গড় এক হাজার ৭৫৮ টন। গত বছরের একই সময়ে গড় বিক্রি ছিল প্রায় দেড় হাজার টন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিজেলের গুরুত্ব ও সরবরাহ পরিস্থিতি

দেশে ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের অংশই সবচেয়ে বেশি, প্রায় ৬৩ শতাংশ। পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদন—সব খাতেই এর ওপর নির্ভরতা বেশি। বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে মাসজুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইতিমধ্যে মাসের শুরুতে ৩ এপ্রিল ২৭ হাজার টন ডিজেল নিয়ে আসে 'এমটি ইউয়ান জিং হে'। একই দিন দিবাগত রাত ২টার দিকে 'এমটি শান গাং ফা জিয়ান' নামের আরেকটি জাহাজে আসে আরও ৩৪ হাজার টন। নতুন দুটি জাহাজ যুক্ত হলে সরবরাহের চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডিজেলের বিক্রি ও মজুতের হিসাব

তবে চাহিদার তুলনায় চাপ পুরোপুরি কাটেনি। ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেল বিক্রি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার টন, দৈনিক গড় ১১ হাজার ১৩৮ টন। বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪/৫ দিন বাড়বে।

বিপিসি চেয়ারম্যানের বক্তব্য

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, "ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনও সংকট হওয়ার আশঙ্কা নেই।"