সখীপুরে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
সখীপুরে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে পেট্রোল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত ‘সখীপুর ফিলিং স্টেশন’-এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাপ যন্ত্রে কারসাজির বিষয়টি ধরা পড়ে। অভিযানে দেখা যায়, প্রতি লিটার তেলে প্রায় ৫৪ মিলি এবং ১০ লিটার তেলে প্রায় ৫৪২ মিলি পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। ওজনে এমন ব্যাপক গরমিল ও প্রতারণার প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের সঙ্গে প্রতারণা

অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, এ ধরনের অনিয়ম সরাসরি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক লিটন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ