বগুড়ায় অবৈধভাবে জ্বালানি মজুত ও বেশি দামে বিক্রির অপরাধে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিবরণ
অভিযান সূত্র জানায়, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় করোনেশন ইনস্টিটিউশনের পাশে মা এন্টারপ্রাইজ নামে অটোমোবাইলের দোকানে দীর্ঘদিন ধরে খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ পেট্রোল ও অকটেন মজুত করে আসছিল। মঙ্গলবার দুপুরে গোপনে খবর পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে ১৮০ লিটার পেট্রোল ও অকটেনের সন্ধান পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক এই অবৈধ মজুত থেকে সরকার নির্ধারিত দর তোয়াক্কা না করে প্রতি লিটার ২০০ টাকা দরে বিক্রি করছিলেন, যা হাতেনাতে ধরে ফেলেন অভিযানের কর্মকর্তারা। এ ছাড়া দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরিদফতরের লাইসেন্স বা ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্র পাওয়া যায়নি।
জরিমানা ও ব্যবস্থা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অনুমোদনহীন মজুত ও অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক বিপ্লবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ১৮০ লিটার তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



