দেশের কৃষি উৎপাদন ও সার সরবরাহ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সংসদে ঘোষণা
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা তার এলাকার বিভিন্ন উন্নয়ন ও গ্যাস সংকটের বিষয় তুলে ধরেন। বিশেষ করে আশুগঞ্জ সার কারখানা দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে—এ বিষয়টি তিনি সংসদে উল্লেখ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।
জ্বালানি মন্ত্রীর জবাব
এর জবাবে রুমিন ফারহানাকে সুখবর দিয়ে জ্বালানি মন্ত্রী জানান, দেশের সার উৎপাদন কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে কিছুটা চাপ বা ঘাটতি তৈরি হলেও কৃষিখাতের স্বার্থে সরকার সার কারখানায় গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।
গ্যাস ঘাটতির প্রেক্ষাপট
বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবে ওপরে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। প্রেসার কমে যাওয়ার ফলে এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিতে লাইন আছে সেসব জায়গায় প্রেসার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেজন্য আমরা এখন শুধু উৎপাদনকে চালিয়ে দেওয়ার জন্য ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি।
তিনি অতীত সরকারের গ্যাস খাত ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গ্যাস উত্তোলনের জন্য কোনোরকম অনুসন্ধান করেনি। বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করেছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করে নতুন অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বলেও তিনি জানান।
গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত সরকার এই সেক্টরকে বিল পাস করে আমদানি ভিত্তি করে দিয়েছে। বিশাল অংকের বকেয়া রেখে গেছে। এর মাঝে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশিয় গ্যাস ফিলগুলোতে অনুসন্ধান করে, যেসক গ্যাস কূপ পরিতক্ত হয়ে গেছে, তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে, সেগুলাকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করবো।
সংসদ সদস্যের বক্তব্য
সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে আসলে কোনও রকম জ্বালানির অনুসন্ধান হয়নি। বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের ১১ কিলোমিটার এলাকায় ৯টি স্থানে ২৭টা কূপ আছে। এর মধ্যে ২২ কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব কূপ থেকে দৈনিক গড় ৩৩৩ দশমিক ৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে, এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে।
তিনি আরও বলেন, আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবি জানান তিনি।
সরকারের সিদ্ধান্ত
সব মিলিয়ে সংসদে আলোচনার পর সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, কৃষি উৎপাদন সচল রাখতে এবং সার উৎপাদন বাড়াতে ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু করা হবে।



