টেসলার ইতিহাসের সর্বোচ্চ গাড়ি সরবরাহ দ্বিতীয় প্রান্তিকে
টেসলার ইতিহাসের সর্বোচ্চ গাড়ি সরবরাহ দ্বিতীয় প্রান্তিকে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল–জুনে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক গাড়ি সরবরাহের তথ্য প্রকাশ করেছে টেসলা, যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। ইউরোপে বিক্রি ঘুরে দাঁড়ানোর সুবাদে এই সাফল্য এসেছে। এর ফলে আশা করা হচ্ছে, টানা দুই বছর বার্ষিক গাড়ি বিক্রি কমার পর চলতি বছর সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

সরবরাহের রেকর্ড ও উৎপাদন

টেসলা গত এপ্রিল থেকে জুন সময়ে মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি সরবরাহ করেছে। এটি টেসলার ইতিহাসে কোনো বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চসংখ্যক গাড়ি সরবরাহের রেকর্ড। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলেও সরবরাহ প্রায় ২৫ শতাংশ বেশি হয়েছে। আর্থিক তথ্য ও বিনিয়োগ গবেষণাপ্রতিষ্ঠান ভিজিবল আলফার তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ৪ লাখ ২ হাজার ৭৭৬টি গাড়ি। কিন্তু একই সময়ে টেসলা উৎপাদন করেছে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি গাড়ি। সরবরাহ করেছে আরও বেশি—৪ লাখ ৮০ হাজার ১২৬টি। অর্থাৎ উৎপাদনের চেয়ে ২৮ হাজারের বেশি গাড়ি সরবরাহ করেছে। এর ফলে প্রথম প্রান্তিকে জমে থাকা মজুত কিছুটা কমেছে।

বাজার ও প্রতিযোগিতা

চীনে তৈরি টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি এ বছর বেড়েছে। মডেল ওয়াই উৎপাদন শুরু হওয়ায় এ প্রবৃদ্ধি এসেছে। যদিও বিওয়াইডি ও অন্য চীনা নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা অব্যাহত রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমন এক সময়ে টেসলার গাড়ি বিক্রিতে সাফল্য মিলল, যখন কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্ক স্বয়ংচালিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। টেসলা এখন ১ দশমিক ৬ ট্রিলিয়ন বা ১ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলারের কোম্পানি, যার প্রধান চালিকা শক্তি বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—এই দুটি খাত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেয়ারবাজারের প্রতিক্রিয়া

অবশ্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনভিত্তিক কোম্পানিটির শেয়ারদর গতকাল বৃহস্পতিবার প্রায় ৭ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে অবশ্য কোম্পানিটির শেয়ারদর ১২ শতাংশ বেড়েছিল। তবে টেসলা যখন রেকর্ডসংখ্যক গাড়ি সরবরাহের সুখবর সামনে আনল, তখন শেয়ারদর আর বাড়েনি; বরং কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় কমেছে।

ইউরোপে বিক্রি ঘুরে দাঁড়ানো

গত বছর ইলন মাস্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক অবস্থান নিয়ে ভোক্তাদের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে, তা কিছুটা কমে আসায় এবং জ্বালানির মূল্যবৃদ্ধি, সরকারিভাবে বৈদ্যুতিক গাড়িতে প্রণোদনা প্রদান ও করপোরেট বহরে দ্রুত বিদ্যুতায়নের ফলে ইউরোপে টেসলার বিক্রি ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা এমনটাই মনে করেন।

মার্কিন আর্থিক গবেষণা ও বিনিয়োগ বিশ্লেষণ প্রতিষ্ঠান মর্নিংস্টারের জ্যেষ্ঠ ইকুইটি বিশ্লেষক সেথ গোল্ডস্টেইন বলেন, 'এই মুহূর্তে টেসলার জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি হলো ইউরোপে গাড়ি বিক্রিতে জোরালো প্রবৃদ্ধি অর্জন। যুক্তরাষ্ট্রে বিক্রি এখনো কমছে বলে মনে হচ্ছে, যদিও তা দেশটির সামগ্রিক বৈদ্যুতিক গাড়ির বাজারের তুলনায় কম হারে। অন্যদিকে চীনে সামান্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।'

মূল্য ও পণ্যের আকর্ষণ

টেসলা গত বছর মডেল ৩ সেডান ও মডেল ওয়াই এসইউভির কম দামের সংস্করণ বাজারে আনে। পাশাপাশি আকর্ষণীয় মূল্যছাড় ও সহজ অর্থায়নের সুবিধাও দেওয়া হয়।

মার্কিন মোটরগাড়ি শিল্প–বিষয়ক গবেষণা ও পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান অটোফোরকাস্ট সল্যুশনসের ভাইস প্রেসিডেন্ট স্যাম ফিওরানি বলেন, 'টেসলা গাড়ির মূল্য ও পণ্য হিসেবে ক্রেতাদের এমনভাবে আকৃষ্ট করছে যে ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে অপছন্দ করলেও অনেকেই তা উপেক্ষা করে তাঁর কোম্পানির গাড়ি কিনছেন।'

যুক্তরাষ্ট্র ও চীনের বাজার

অবশ্য টেসলার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে চাহিদা এখনো চাপের মুখে রয়েছে। কারণ, গত বছরের শেষ দিকে বৈদ্যুতিক গাড়ির করছাড় তুলে নেওয়া হয়েছে। স্যাম ফিওরানি বলেন, 'এ বছর কিছুটা প্রবৃদ্ধি হবে বলে আমরা সতর্কতার সঙ্গে আশা করি।'

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনায় প্রণোদনা বাতিল হওয়ায় তা বিক্রিতে প্রভাব ফেলছে। তবে পুরোনো মডেলগুলোর কিছু হালনাগাদ সংস্করণ বাজারে আসায় চীনে তুলনামূলক ভালো ফল মিলছে।

নতুন মডেল ও ভবিষ্যৎ পরিকল্পনা

গতকাল টেসলা যুক্তরাষ্ট্রে মডেল ওয়াইয়ের ছয় আসনের সংস্করণ উন্মোচন করেছে। তিন সারির আসনবিশিষ্ট দীর্ঘ হুইলবেজের এই বৈদ্যুতিক গাড়ির মডেল নম্বর ওয়াই এল চীনে টেসলার ডেলিভারি বাড়াতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রেও চাহিদা পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে।

গাড়ি উৎপাদনের গণ্ডি ছাড়িয়ে এখন টেসলার কার্যক্রম অনেক বিস্তৃত। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি মূলধনি ব্যয়ে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা গত বছরের ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রায় তিন গুণ। এই অর্থ এআই অবকাঠামো নির্মাণ, ব্যাটারি ও সাইবারক্যাব উৎপাদন ও অপটিমাস রোবট তৈরিতে ব্যয় করা হবে।