অনিয়ম দেখলেই কর্তৃপক্ষকে জানাতে বললেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
অনিয়ম দেখলেই কর্তৃপক্ষকে জানাতে বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। তিনি স্থানীয় জনগণকে কোথাও অনিয়ম দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য

শুক্রবার (৩ জুলাই) বিকালে তার নিজ নির্বাচনি এলাকার (টাঙ্গাইল-১) ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি দেশের জনগণের অর্থ ব্যয়ে জনস্বার্থে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা ও অপরাধ দমন

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, মধুপুর-ধনবাড়ীতে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও জুয়ার স্থান হবে না। অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উন্নয়ন প্রতিশ্রুতি

ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, এলাকার রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট ও আস্থার কারণেই সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। জনগণের এ আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চাই। ফকির মাহবুব আনাম আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নকাজ শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময়

এর আগে মন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে নিজ নির্বাচনি এলাকার ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠের মাটিভরাট কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিশুদের সঙ্গে মন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত নেতৃবৃন্দ

এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি এনামুল), পৌর বিএনপির সভাপতি এসএমএ সোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সুধীজন উপস্থিত ছিলেন।