জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশিদ (২৬) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার হাটখোলা সীমান্তের শালুয়ার মাঠ (ধানখেত) দিয়ে চোরাই পথে ভারতে পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানের বিবরণ
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এবং পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে আরেকটি দল হাটখোলা সীমান্তের সালুয়ার মাঠে আকস্মিক অভিযান চালায়। ওই সময় মাঠের ধানখেতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুনুর রশিদ। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু ধাওয়া করে তাকে আটক করা হয়।
স্বর্ণের বার উদ্ধার
জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশির একপর্যায়ে মামুনুর স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করেন। তিনি ধানখেতের কাদার মধ্যে লুকিয়ে রাখা একটি পলিথিনে মোড়ানো ১০টি স্বর্ণের বার বের করে দেন। জব্দকৃত ২২ ক্যারেটের ওই ১০টি বারের মোট ওজন ১০১ ভরির বেশি, অর্থাৎ ১ কেজি ১৮৫ গ্রাম; যার বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।
আইনানুগ ব্যবস্থা
আটক মামুনুর রশিদ একই উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, আটক স্বর্ণ চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



