চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।
নতুন ভবনে কী কী সেবা মিলবে?
নতুন ভবনে এক ছাদের নিচে সব ধরনের সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এতে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি সেবাপ্রার্থীদের ভোগান্তিও কমবে। ভবনটির পঞ্চম ও ষষ্ঠতলা ভাড়া দেওয়া হয়েছে। নিচতলায় রয়েছে রিসেপশন, প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা রাখা হয়েছে। বাকি তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।
বন্দর চেয়ারম্যানের বক্তব্য
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, 'আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে অবস্থিত ছিল। ফলে প্রতিদিন হাজার-হাজার মানুষকে বিভিন্ন সেবা নিতে বন্দরের ভেতরে প্রবেশ করতে হতো, যা নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি করত।'
তিনি আরও বলেন, 'নতুন ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে ভবনটি থেকে প্রায় ৫ কোটি টাকা আয় হবে।'
নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক মান
বন্দর চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, 'বন্দরের নিরাপত্তা, সেবা সহজীকরণ এবং আন্তর্জাতিক কমপ্ল্যায়েন্স নিশ্চিত করতে এই ভবন যুগান্তকারী ভূমিকা রাখবে।'
নির্মাণ ও কার্যক্রম
জানা গেছে, ২০২২ সালে বন্দরের ওএসএস ভবনের নির্মাণ কাজ শুরু হয়। নতুন ভবন চালুর মাধ্যমে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট অনুমোদন, বিল এবং গেট পাশসহ সব ধরনের সেবা এক ছাদের নিচে আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।



