ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, রাজ্যজুড়ে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত সরকারি মদের দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। ফলে ওই ৭১৭টি দোকানের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
জনগণের কল্যাণে সিদ্ধান্ত
সংবাদমাধ্যম এএনআইয়ের খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ‘জনগণের কল্যাণে’ এই পদক্ষেপ নিয়েছেন। তামিলনাড়ু রাজ্য বিপণন করপোরেশনের (টিএনএসএমসি) তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যটিতে সরকার পরিচালিত ৪ হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান রয়েছে।
নতুন সরকারের প্রথম পদক্ষেপ
গত রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম) ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তিনি জোট সরকার গঠন করেছেন। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কয়েকটি রাজনৈতিক দল মিলে জোট সরকার গঠন করল।
পর্যালোচনার পর নির্দেশ
ক্ষমতা গ্রহণের পরপরই মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে কতগুলো সরকারি মদের দোকান আছে, তা পর্যালোচনার নির্দেশ দেন। যাচাই-বাছাই শেষে ৭১৭টি দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। রাজ্য সরকারের পর্যালোচনা অনুযায়ী, এসব দোকানের মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।



