বাজারে নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
বাজারে নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার জনগণের পক্ষে বাজার ব্যবস্থায় কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তার মতে, লক্ষ্য হলো বাজারকে স্বচ্ছ, স্থিতিশীল এবং কারসাজিমুক্ত করা।

টিসিবি ট্রাকসেল উদ্বোধন

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পদক্ষেপ

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট বা কারসাজি রোধে সরকার কৌশলগত মজুত, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরবরাহ ব্যবস্থা এবং টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ

তিনি বলেন, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে টিসিবির মাধ্যমে সারাদেশে নিয়মিত পণ্য বিক্রি ও উৎসব কেন্দ্রিক ট্রাকসেল চালু আছে।

উপকারভোগী বৃদ্ধি

গত রমজানে প্রায় ২ কোটি ২৮ লাখ উপকারভোগীকে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে। গত বছরের ঈদুল আজহায় ১০ হাজার ৯০০ টন খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছিল, এবার তা ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে, যা ৪০ শতাংশ বেশি।

স্বচ্ছতা ও জবাবদিহিতা

মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী তালিকায় অন্তর্ভুক্ত এক কোটি উপকারভোগীর মধ্যে প্রায় ৫৯ লাখের তথ্য প্রশ্নবিদ্ধ ছিল। যাচাই-বাছাইয়ের মাধ্যমে বর্তমানে ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০ লাখ পরিবার অন্তর্ভুক্ত হবে।

টিসিবির ডিলার নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। টিসিবির কার্যক্রমকে সম্পূর্ণ প্রশ্নহীন, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজার কারসাজি প্রতিরোধ

বাজারে কারসাজি প্রতিরোধে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য রাষ্ট্রীয় কৌশলগত মজুত গড়ে তোলা হবে। আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় আনা হবে, যাতে সরকার বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

নিত্যপণ্যের আমদানি মূলধননির্ভর হওয়ায় বড় ব্যবসায়ীরা সক্রিয় থাকেন। তবে সরকার এমন অংশীদারিত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে আরও উদ্যোক্তা অংশ নিতে পারেন এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়।

অনুষ্ঠানের অন্যান্য বক্তা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ক্রেতাদের কাছে নায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন।