রাজধানীর কদমতলীর একটি ফোম তৈরির কারখানায় বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় বৈদ্যুতিক গোলযোগ ছিল, যার ফলে কারখানায় বিদ্যুতের সমস্যা দেখা দেয়। পরে বিদ্যুৎকর্মীরা গিয়ে সেই ত্রুটি সমাধান করেন। কিন্তু বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর কারখানার ভেতরে থাকা সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের কার্যক্রম
শুক্রবার (৮ মে) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “আমরা ৬টা ২৪ মিনিটে আগুনের সংবাদ পাই। সঙ্গে সঙ্গে কাঁচপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আরও দুটি ইউনিট পাঠানো হয়। তারা এসে দেখে দাউদাউ করে চারদিকে আগুন জ্বলছে।”
তিনি আরও বলেন, “যেহেতু আগুন মূল রাস্তা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে, সেজন্য এসে চারদিকে ব্যারিকেড দেওয়া হয়। পাশে একটি পুকুর পাওয়া যায়, সেখানে অনেকগুলো পাম্প সেট করে আগুনের চারদিকে ব্যারিকেড দেওয়া হয়, যাতে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়াতে না পারে। ঠিক ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
ক্ষয়ক্ষতি ও অসুস্থতা
তিনি বলেন, “পাশাপাশি দুটি অর্ধেক পাকা ভবনে আগুন ছিল। আমরা আসার পর দেখি দুটি ভবনে একই সঙ্গে আগুন জ্বলছে। একটি ভবনের আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আর আরেকটি অর্ধেক পাকা ভবনের ওপরের টিনগুলো পুড়ে যাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।”
তিনি জানান, “এখানে ফোম ইন্ডাস্ট্রি, বিশেষ করে পরিত্যক্ত ফোম এনে রিসাইক্লিং করা হয়। তারা ম্যাট্রেস তৈরি করে, সঙ্গে ম্যাট্রেসের জন্য কিছু ইমপোর্ট করা কাপড়ও ছিল এবং কিছু টায়ার-জাতীয় জিনিস ছিল। যে কারণে আগুন খুব দ্রুত ছড়ায় এবং অনেক ওপরের দিকে উঠে যায়।”
তিনি আরও বলেন, “যথাসময়ে সঠিক পদ্ধতির মাধ্যমে আগুনের চারদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আশপাশের কোনো আবাসিক ভবনে আগুন ছড়াতে পারেনি। আগুন নেভাতে গিয়ে প্রচণ্ড তাপ ছিল। তাপে আমাদের একজন ফায়ার ফাইটার একটু অসুস্থ হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন।”
আগুনের কারণ
আগুনের কারণ জানতে চাইলে কাজী নজমুজ্জামান বলেন, “আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে পারলাম—এই এলাকায় বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল। বিদ্যুতের লোকজন এসেছিলেন এবং লাইন চালু করার সঙ্গে সঙ্গে ফোম কারখানার ভেতরে সার্কিটগুলোতে হঠাৎ আগুন ধরে যায়।” তবে পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানানো হবে বলেও তিনি জানান।



