সিরাজগঞ্জের কড্ডা মোড়ে ডাকাতির শিকার হওয়া ৫৯০ বস্তা চাল উদ্ধার করেছে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ। উদ্ধারকৃত চালের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় এক চাল ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।
অভিযান ও উদ্ধার
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজারের একাধিক গুদাম ও ফুলবাড়িয়া এলাকার কেএনবি বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা
আটককৃতরা হলেন—গুদাম মালিক লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)। তারা কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। এছাড়া উপজেলার ফুলবাড়িয়ার কেএনবি বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ট্রাকটি উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনা
চাল ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, তিনি বগুড়ার শেরপুর থেকে চাল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাচ্ছিলেন। পথে সিরাজগঞ্জের কড্ডা মোড়ে ডাকাতরা ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-মুখ বেঁধে চালসহ ট্রাক লুট করে নিয়ে যায়। পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক অভিযানে নেমে অল্প সময়ে লুট হওয়া চাল উদ্ধার করে।
পুলিশের বক্তব্য
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, রবিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়া থেকে চাল নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রাক। সিরাজগঞ্জের কড্ডা মোড়ে পৌঁছালে ডাকাতরা একটি প্রাইভেটকার দিয়ে রাস্তা আটকে চাল বহনকারী ট্রাকের গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে হাত-মুখ বেঁধে সড়কের পাশের ধানক্ষেতে ফেলে রাখে। পরে তারা চালভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর লুট হওয়া চালের মালিক ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওই রাতেই সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ করলে পুলিশ চালসহ লুট হওয়া ট্রাক উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান নিশ্চিত হয় এবং গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশকে অবগত করলে তারা অভিযান শুরু করে। পরে কালিয়াকৈর বিভিন্ন গুদামে এবং বাজারের স্বপন সাহা, লিটন এন্টারপ্রাইজ ও মোজাম্মেলসহ তিনটি দোকান থেকে ৫৯০ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রুত অভিযান চালিয়ে ট্রাক এবং ৫৯০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক চাল ব্যবসায়ী ও তার কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের সহযোগী অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।



