লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেটে বিনিয়োগ প্রস্তাব আহ্বান
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে বিনিয়োগ প্রস্তাব আহ্বান

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেলের বাসভবনে এক মতবিনিময় সভায় বাংলাদেশের সম্ভাবনাময় খাতে প্রবাসী বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে উন্মুক্ত বিনিয়োগ প্রস্তাব আহ্বান করা হয়েছে। এই সভায় তথ্যপ্রযুক্তি (আইটি), জ্বালানি, ডেটা সার্ভিস, হসপিটালিটি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিকাশমান খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কনসাল জেনারেলের বক্তব্য

কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, 'বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য কনস্যুলেট সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। বিনিয়োগ-সংক্রান্ত তথ্য, দিকনির্দেশনা, সরকারি ও বেসরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় এবং সম্ভাবনাময় খাত নির্ধারণে কনস্যুলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' তিনি আরও বলেন, 'বাস্তবতাকে গুরুত্ব দিয়ে প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে কনস্যুলেটের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।'

প্রবাসী উদ্যোক্তাদের মতামত

সভায় অংশগ্রহণকারী প্রবাসী উদ্যোক্তারা দেশের প্রতি ভালোবাসা থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলেও বিনিয়োগ-পরবর্তী অনুমোদন, জমি বরাদ্দ, বিদ্যুৎ ও গ্যাস–সংযোগ, কর সুবিধা ও মুনাফা ফেরত আনার প্রক্রিয়ায় জটিলতা ও সময়ক্ষেপণকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। তারা বিডার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডেটা সেন্টার স্থাপনের প্রস্তাব

উদ্যোক্তা হাসিবুল শরীফ বলেন, 'সবচেয়ে ইতিবাচক দিক হলো সরকার এখন প্রবাসীদের কথা শুনছে।' সম্প্রতি তিনি ডেটা সেন্টার স্থাপনের একটি প্রস্তাব দেন এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই জবাব পান। তিনি প্রথম আলোকে বলেন, 'বাংলাদেশে এআই-ভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের মাধ্যমে ইন্টারনেট, বিদ্যুৎ ও পানি সরবরাহব্যবস্থার মানোন্নয়ন সম্ভব। এটি একটি বড় প্রকল্প, যেখানে সরকারি ও বেসরকারি বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন হবে।' তাঁর মতে, এ ধরনের এআই ডেটা সেন্টার বাস্তবায়িত হলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিনিয়োগপ্রক্রিয়া সহজ করার দাবি

নাসির খান বলেন, 'সরকার প্রবাসীদের কাছ থেকে কী প্রত্যাশা করে এবং এনআরবি হিসেবে আমরা কী ধরনের সুবিধা পেতে পারি, এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা চাই।' তিনি মনে করেন, বিনিয়োগপ্রক্রিয়া সহজ হলে আরও বেশি প্রবাসী উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবেন। মোহাম্মদ বাসিত জ্বালানি ও হসপিটালিটি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, 'রেজিস্ট্রেশন ও লাইসেন্স–প্রক্রিয়া স্বল্প সময়ে বা নির্ধারিত ফির মাধ্যমে সহজভাবে সম্পন্ন করা গেলে বিনিয়োগ আরও বাড়বে।' ওয়াহিদুর রহমান লাস ভেগাসের বাণিজ্য মেলায় অংশগ্রহণের আগ্রহ এবং প্লাস্টিক ব্যাগসহ বিভিন্ন পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিডার পুনর্গঠন ও এনআরবি ডেস্ক

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রথম আলোকে বলেন, 'বিডা পুনর্গঠনের পর প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য আলাদা একটি ডেস্ক স্থাপন করা হয়েছে। একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই ডেস্কে এনআরবি বিনিয়োগকারীদের জন্য এন্ড-টু-এন্ড সাপোর্ট নিশ্চিত করছেন।' তিনি আরও বলেন, 'বিডার লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগকে আরও সহজ, দ্রুত ও ফলপ্রসূ করা। প্রবাসীরা শুধু আর্থিক সক্ষমতাই নয়, বরং বিদেশে কাজের অভিজ্ঞতার মাধ্যমে উচ্চমানের কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, যা দেশের অনেক খাতে এখনো যথেষ্টভাবে বিকশিত হয়নি।'

আশিক চৌধুরী লন্ডনের একজন প্রবাসী বাংলাদেশি নিউরোসাইকোলজিস্টের উদাহরণ উল্লেখ করেন, যিনি ব্র্যাকের সঙ্গে এবং এনআরবি ফান্ডের অর্থায়নে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি বলেন, 'এটি অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ।'

সভায় উপস্থিত অন্যান্যরা

মতবিনিময় সভায় ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু), মিখায়েল খান, আসিফ ইকবাল, মনিরুল ইসলাম, খালিদ খুদা, সৈয়দ হাসান ফেরদৌস, ফিরোজ ফখরী, মোয়াজ্জেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।