গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদার মধ্যে বড় দুঃসংবাদ ছিল ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকা। আজ (সোমবার) সেই ইউনিট চালু হয়েছে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ওই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রিডে।
গত ২২ এপ্রিল আদানির সূত্র জানিয়েছিল, সেদিন মধ্যরাতের পর বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়া যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর ফলে গ্রিডে চাপ তৈরি হয়।
ওই সময় আদানির সরবরাহ কমে যাওয়ায় বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও কোথাও লোডশেডিং ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত পৌঁছানোর খবর পাওয়া যায়।
এদিকে, ঝড়-বৃষ্টির কারণে এমনিতেই বিদ্যুতের চাহিদা কমে গেছে। পিডিবির দেওয়া তথ্যমতে, সোমবার দুপুর ৩টায় চাহিদা নেমে আসে ১১ হাজার ৩১৭ মেগাওয়াটে। ওই সময় সরবরাহ হয় এক হাজার ২৯৪ মেগাওয়াট।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে আদানির বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করে।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে মোট ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। আমদানিকৃত বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়।



