মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক
মধুপুরে কোটি টাকার মাদকসহ পাঁচ কারবারি গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে র‌্যাব-১৪ কর্তৃক পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও পাঁচজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানের বিবরণ

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৬ জুন র‌্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালায়।

প্রথম অভিযান

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের জলছত্র (২৫ মাইল) বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে তিন মাদককারবারিকে আটক করা হয়। তারা হলেন হবিগঞ্জ জেলার সেলিম (৩৫), নাজমা বেগম (৪৮) এবং মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় অভিযান

রাত ৯টার দিকে জলছত্র (২৫ মাইল) বাজারস্থ জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা 'প্রান্তিক সুপার' নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় জয়পুরহাট জেলার মো. ইয়াজদুল হক (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার হাতব্যাগ তল্লাশি করে ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

তৃতীয় অভিযান

রাত আনুমানিক ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন সেতুর ওপর 'এমডি সুপার' যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামে এক মাদককারবারিকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতারকৃতদের কার্যক্রম

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।