পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে টাকা তোলার জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ
ঈদের সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।
কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের নির্দেশ
এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি বুথে নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান ও সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
পিওএস ও কিউআর কোড সেবা সচল রাখার নির্দেশ
পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস ও কিউআর কোড সেবা নিশ্চিত করতে হবে। জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএসের নির্দেশনা
ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। এমএফএস সেবায় সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন ও এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে।
গ্রাহক হয়রানি রোধ ও হেল্পলাইন
ঈদের ছুটিকালীন নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি লেনদেনে গ্রাহক হয়রানি রোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।
সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের চিঠি
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।



