সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৬২%, ঋণ প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ
সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৬২%

সিটি ব্যাংক পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (৩১ মার্চ পর্যন্ত) নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে ব্যাংকের কর-পরবর্তী মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ২৪১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ কোটি টাকা—অর্থাৎ ১৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৬ টাকা থেকে বেড়ে ১ দশমিক ৬ টাকায় পৌঁছেছে।

মুনাফা বৃদ্ধির কারণ

ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, মুনাফা বৃদ্ধি সন্তোষজনক হলেও ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়া উদ্বেগজনক। তার মতে, সামগ্রিক খাতে ক্রেডিট গ্রোথের বর্তমান ধারা চিন্তার কারণ। এই প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে কোর ব্যাংকিং আয়ের বৃদ্ধি। ঋণ থেকে সুদ আয় ১৪ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৩ কোটি টাকা থেকে ১ হাজার ৩০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিনিয়োগ আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৬০৩ কোটি টাকা থেকে ১ হাজার ০১৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট অপারেটিং আয়ের ৩২ শতাংশ। পাশাপাশি বৈদেশিক মুদ্রা লেনদেন, কার্ড ফি ও ট্রেড কমিশন বাড়ায় ফি ও কমিশন আয় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্যয় নিয়ন্ত্রণ ও অপারেটিং মুনাফা

প্রথম প্রান্তিকে ব্যাংকের মোট আয় ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৮ কোটি টাকায় দাঁড়ালেও ব্যয় নিয়ন্ত্রিত ছিল ৫৯৫ কোটি টাকায়। ফলে কস্ট-টু-ইনকাম রেশিও ৫২ শতাংশ থেকে কমে ৪৪ শতাংশে নেমে এসেছে। এ সময় অপারেটিং মুনাফা ৬১ শতাংশ বেড়ে ৭৪৩ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪৬১ কোটি টাকা। এছাড়া সম্পদের গুণগত মান উন্নত হওয়ায় প্রভিশনিংয়ের প্রয়োজন কমেছে, যা নিট মুনাফা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ