ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘তারা’ নবম বছরে পদার্পণ করেছে। দেশের ৫ লাখ নারী এখন এই প্ল্যাটফর্মে ব্যাংকিং সেবা নিচ্ছেন। শুধু ব্যাংকিং সেবা নয়, ‘তারা’ এখন একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। দেশের ব্যাংক খাতে নারীদের রিটেইল ডিপোজিট পোর্টফোলিওর প্রায় ২৫ শতাংশই রয়েছে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ সেগমেন্টে।
‘তারা’র যাত্রা ও দর্শন
২০১৭ সালের ৪ মে যাত্রা শুরু করে ‘তারা’। এর মূল দর্শন ছিল রিটেইল থেকে এসএমই—প্রতি ধাপে নারীর আর্থিক যাত্রায় পাশে থাকা। এই বিশেষায়িত সেবাটি দুটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে: ‘তারা রিটেইল’ ও ‘তারা এসএমই’। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে ব্যবসা সম্প্রসারণ—সবক্ষেত্রেই নারীদের আস্থার প্রতীক ‘তারা’।
‘তারা রিটেইল’: নারীর আর্থিক প্রয়োজনে পূর্ণাঙ্গ সেবা
কর্মজীবী নারী, গৃহিণী, শিক্ষার্থী থেকে প্রবীণ নাগরিক—সবার জন্য আলাদা ব্যাংকিং সেবা দিচ্ছে ‘তারা রিটেইল’। বর্তমানে ৩ লাখ ৫০ হাজার নারী গ্রাহকের মোট ১৪ হাজার কোটি টাকার বেশি ডিপোজিট রয়েছে। গত ৯ বছরে গ্রাহকসংখ্যা বেড়েছে ৮০ গুণ এবং ডিপোজিট বেড়েছে ৬০ গুণেরও বেশি। ‘হোমমেকার্স অ্যাকাউন্ট’ গৃহিণীদের আয়ের প্রমাণের বাধা দূর করেছে; ৯৮ শতাংশ গ্রাহক ডিজিটাল পদ্ধতিতে (ইকেওয়াইসি) অনবোর্ড করা হয়েছে। ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট ও ডেবিট কার্ডের মাধ্যমে আধুনিক ব্যাংকিং পৌঁছে গেছে ঘরে ঘরে।
ব্যাংকিং সেবার বাইরেও মা দিবস, স্তন ক্যান্সার সচেতনতা মাস ও আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ স্বাস্থ্যসেবা ও ক্যাম্পেইনের মাধ্যমে নারীদের সুরক্ষায় কাজ করছে ‘তারা’। ‘তারা’ অ্যাম্বাসেডর ট্রেনিং প্রোগ্রামের আওতায় ১২০ জন ফ্রন্টলাইন সহকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা নারী গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারেন।
‘তারা এসএমই’: নারী উদ্যোক্তাদের শক্তির উৎস
১ লাখ ২৮ হাজারেরও বেশি নারী উদ্যোক্তাকে সেবা দিচ্ছে ‘তারা এসএমই’। লোনের পরিমাণ ২ হাজার ৬০০ কোটি টাকা এবং ডিপোজিট ২ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত এক বছরেই ডিপোজিটে ৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। নারী উদ্যোক্তাদের খেলাপি ঋণের হার মাত্র ১.১৪ শতাংশ, যা প্রমাণ করে নারীদের অর্থায়ন ব্যাংকের জন্য নিরাপদ ও কার্যকর।
উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে ‘তারা উদ্যোক্তা মেলা’ চারটি বড় ইভেন্টের আয়োজন করেছে, যেখানে ৩০০-এর বেশি নারী উদ্যোক্তা অংশ নিয়ে পণ্যের বাজার তৈরির সুযোগ পেয়েছেন। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির ১৯তম ব্যাচ চলছে; এ পর্যন্ত ৫০০-এর বেশি নারী উদ্যোক্তা বিজনেস ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ট্যাক্সেশন ও মার্কেটিং বিষয়ে দক্ষতা অর্জন করেছেন।
দেশজুড়ে ৩৩টি জেলায় প্রায় ১,২০০ নারী উদ্যোক্তার কাছে পৌঁছে গেছে ‘আমরাই তারা’। ‘উদ্যোগ তারা’ কর্মসূচির মাধ্যমে প্রতি বছর ১,০০০-এর বেশি নারী উদ্যোক্তাকে মার্কেট এনলিস্টমেন্ট ও ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হয়। ৬৪টি জেলার ১৯১টি শাখায় ‘ডব্লিউএসএমই ব্রাঞ্চ ট্রেনিং প্রোগ্রাম’-এর আওতায় প্রতি বছর ২,০০০-এর বেশি নারী উদ্যোক্তাকে আর্থিক সাক্ষরতা ও ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ২ হাজার নারী উদ্যোক্তাকে বিনামূল্যে এক বছরের জন্য ইআরপি সফটওয়্যার দেওয়া হয়েছে, যাতে তারা ডিজিটাল পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করতে পারেন।
বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব
বিশ্বব্যাপী ১৩৫টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ও নারী অর্থনীতিতে কাজ করা নিউইয়র্কভিত্তিক ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের ৮১টির বেশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংকই বাংলাদেশের একমাত্র ব্যাংক, যারা ৭টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
‘তারা’ ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন থেকে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ধারাবাহিকভাবে তিনবার ‘উইমেনস মার্কেট চ্যাম্পিয়ন এনগেজমেন্ট এশিয়া অ্যাওয়ার্ড’, ২০২০ সাল পর্যন্ত চার বছর ‘অ্যাকসেস টু ফাইন্যান্স চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড এবং উগান্ডার কাম্পালায় ‘চ্যাম্পিয়নস অব দ্য ফিমেল ইকোনমি অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন’ সম্মাননা অর্জন করেছে। বিশ্বব্যাংক গ্রুপের আইএফসি ও এসএমই ফাইন্যান্স ফোরামের ‘গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’-এও ‘তারা’ সম্মাননা পেয়েছে। ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক গ্লোবাল ও এশিয়া উভয় ক্যাটাগরিতে ‘প্রোডাক্ট ইনোভেশন অব দ্য ইয়ার – বেস্ট কমার্শিয়াল ব্যাংক’ হিসেবে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করে।
এই আন্তর্জাতিক স্বীকৃতিগুলো ‘তারা’কে বিশ্বজুড়ে সমাদৃত একটি ব্যাংকিং মডেলে পরিণত করেছে।
সিইওর বক্তব্য
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীরা কেবল ব্যাংকিং সেবার কোনো খণ্ডিতাংশ নয়, বরং তারা একটি স্বয়ংসম্পূর্ণ সেগমেন্ট, যারা পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পাওয়ার দাবিদার। গত ৯ বছরের অর্জন ও লাখ লাখ নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আমাদের দর্শনেরই প্রতিফলন। আমাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি; এটি নতুন সম্ভাবনার সূচনা মাত্র। নারীদের আর্থিক প্রয়োজনে সবসময় পাশে থাকবে ব্র্যাক ব্যাংক ‘তারা’।’



